নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৮টি মামলা করা হয়েছে।
সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১৩৮ জন, তেজগাঁও বিভাগে ৯২, ওয়ারী বিভাগে ৭৭, মতিঝিল বিভাগে ৫৮, উত্তরা বিভাগে ৫৬, গুলশান বিভাগে ৫৩, রমনা বিভাগে ৩৭ এবং লালবাগ বিভাগে ৩২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ দুজন করে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ২ হাজার ৩২১টি ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, আট বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অভিযানে আটটি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট কেবল, একটি বাস, নগদ ১২ হাজার ৭৫০ টাকা, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই এবং ২৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
ডিএমপি বলছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
✍️ মন্তব্য লিখুন