নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও গুরুতর আহতদের জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করতে সরকারের বিশেষ আবাসন প্রকল্পের নির্মাণকাজ আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার আশা করা হচ্ছে। নির্মাণকাজ শুরু হলে সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ প্রকল্পের আওতায় ১৪টি বহুতল ভবন নির্মাণ করা হবে, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের জন্য ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, রাজধানীর মতো গুরুত্বপূর্ণ স্থানে আবাসনের ব্যবস্থা এসব পরিবারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর ভাষ্য, এটি কেবল একটি আবাসন প্রকল্প নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগীদের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।
প্রতিমন্ত্রী আরও বলেন, শহিদ ও আহতদের আত্মত্যাগের প্রকৃত মূল্য কোনোভাবেই পরিশোধ করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের দায়িত্ববোধ থেকেই তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, সরকার ইতোমধ্যে গেজেটভুক্ত শহিদ ও আহতদের জন্য নিয়মিত ভাতা, চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আবাসন প্রকল্প সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ।
জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটি দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক পরিণতি। ছাত্র-জনতার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে এবং সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে সরকার বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
✍️ মন্তব্য লিখুন