ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে একটি বসতঘরে চুরির সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন এক গৃহবধূ। চোরকে আটকাতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের হাতের একটি আঙুল কামড়ে ধরলে সেটির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সহযোগীদের সহায়তায় চোর পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে আঙুলের বিচ্ছিন্ন অংশ রেখে যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, সংঘবদ্ধ চোরের একটি দল গভীর রাতে গোপনে বসতঘরে প্রবেশ করে। শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে গৃহবধূ একজন চোরকে জাপটে ধরেন। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে গৃহবধূ চোরের আঙুলে কামড় দেন। এতে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই বাইরে অবস্থান করা চোরের সহযোগীরা ঘরে ঢুকে তাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় চোরের দল ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন তারা।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
✍️ মন্তব্য লিখুন