ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬: রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সংলগ্ন সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে চুরি হওয়া চার ট্রাক নির্মাণসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শাহবাগ থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলেন—আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) এবং মো. মাসুম বিল্লাহ (৩৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে হাসপাতালের নির্মাণাধীন ভবনের বেজমেন্ট-২ থেকে মিনি ট্রাকের মাধ্যমে মূল্যবান নির্মাণসামগ্রী (স্ক্রাব) চুরি করে নিয়ে যায় একটি চক্র। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (২২ এপ্রিল) আল মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। একই রাতে বাড্ডা এলাকা থেকে মো. মাসুম বিল্লাহকে আটক করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি মিনি ট্রাকে থাকা নির্মাণসামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ বলছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনাটি রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
✍️ মন্তব্য লিখুন