বিশেষ প্রতিনিধি
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৪০ পয়সা।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সর্বনিম্ন বাসভাড়া আগের মতোই ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা রাখা হয়েছে। নতুন ভাড়ার হার শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে এ ভাড়া কার্যকর হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসে আসন পুনর্বিন্যাস করা হলে সেই অনুযায়ী ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হলেও পরে মন্ত্রণালয়ের বৈঠকে তা পর্যালোচনা করে সব শ্রেণির সংশ্লিষ্ট রুটে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়লেও সাধারণ মানুষের ওপর চাপ বিবেচনায় নিয়ে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
✍️ মন্তব্য লিখুন