বিশেষ প্রতিবেদক
এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের নম্বর দেওয়ার ক্ষেত্রে কঠোরতার বিষয়ে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না।’
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমে যাওয়াসহ খাতা মূল্যায়নের কঠোরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, পরীক্ষার্থীরা খাতায় যে নম্বর পাওয়ার যোগ্য, মূল্যায়নের সময় সেই নম্বরই দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, উত্তরপত্র পুনঃপরীক্ষার ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। আগে কোনো শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করলে মূলত ট্যাবুলেশন শিট দেখা হতো। এখন উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না, সেটিও যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে বলে জানান তিনি।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে ‘সুন্দর’ বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত অর্জনকে প্রতিফলিত করছে এবং পরীক্ষার খাতা মূল্যায়নে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়েছে।
ফল প্রকাশের পর এখন শিক্ষার্থীদের পরবর্তী ধাপ একাদশ শ্রেণিতে ভর্তি। এ ক্ষেত্রে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে এর আগে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
✍️ মন্তব্য লিখুন