স্পোর্টস ডেস্ক
বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের স্মৃতি আছে অসংখ্য দেশের। তবে অবাক করার মতো হলেও সত্য, ইউরোপের দেশ নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় পায়নি সেলেসাওরা। দুই দলের মুখোমুখি চার দেখায় ব্রাজিলের ঝুলিতে আছে মাত্র দুটি ড্র, বাকি দুটি ম্যাচেই জয় পেয়েছে নরওয়ে।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে এই পরিসংখ্যান নতুন করে আলোচনায় এসেছে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নরওয়ে নকআউট পর্বে উঠেছে, আর জাপানকে একই ব্যবধানে হারিয়ে ব্রাজিল নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট।
চার ম্যাচে ব্রাজিলের দুই হার, দুই ড্র
ব্রাজিল ও নরওয়ের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৮ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপর ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে নরওয়ে ৪-২ গোলে হারিয়ে দেয় ব্রাজিলকে।
দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে বেবেতোর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু পরে টোরে আন্দ্রে ফ্লো ও কিয়েতিল রেকদালের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় নরওয়ে। সেটিই এখন পর্যন্ত বিশ্বকাপে দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই।
সর্বশেষ ২০০৬ সালে এক প্রীতি ম্যাচে আবারও ১-১ গোলে ড্র করে দুই দল। এরপর দীর্ঘ ২০ বছর আর দেখা হয়নি তাদের।
ইতিহাস বদলানোর সুযোগ ব্রাজিলের
ফুটবল ইতিহাসে একাধিকবার ব্রাজিলের মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যে নরওয়েই একমাত্র দল, যারা এখনো সেলেসাওদের কাছে হারেনি। এই অনন্য রেকর্ড ধরে রেখেই তারা এবার বিশ্বকাপের শেষ ষোলোতে নামছে।
তবে ইতিহাসের এই পরিসংখ্যান মাঠের বাস্তবতায় কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। কার্লো আনচেলত্তির শিষ্যরা যেমন প্রথমবারের মতো নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে চায়, তেমনি আর্লিং হলান্ড ও মার্টিন ওদেগার্দের নরওয়ে নিজেদের অজেয় রেকর্ড অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।
ব্রাজিল-নরওয়ে মুখোমুখি
বছর প্রতিযোগিতা ফলাফল
১৯৮৮ প্রীতি ম্যাচ নরওয়ে ১-১ ব্রাজিল
১৯৯৭ প্রীতি ম্যাচ নরওয়ে ৪-২ ব্রাজিল
১৯৯৮ বিশ্বকাপ ব্রাজিল ১-২ নরওয়ে
২০০৬ প্রীতি ম্যাচ নরওয়ে ১-১ ব্রাজিল
✍️ মন্তব্য লিখুন