নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সংগঠনগুলোর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনীর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, ‘সি’ ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু।
যুবদল ও ছাত্রদলের কমিটিও বিলুপ্ত
মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
একই কারণে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন সারোয়ার আলম পিয়াস, মো. রফিকুল ইসলাম জিন্নাহ, ইকবাল হোসেন দিপু, ওমর নাঈম ও শান্ত রহমান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দারুসসালাম থানা শাখার আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকেও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের চার নেতাকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও অনৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়।
সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মীর নাম আলোচনায় আসে। তবে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশিত কমিটি বিলুপ্তি বা বহিষ্কারের বিজ্ঞপ্তিতে ওই ঘটনার সরাসরি উল্লেখ করা হয়নি।
✍️ মন্তব্য লিখুন