নিজস্ব প্রতিবেদক
ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে ফুচকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও থাকবেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন পরিস্থিতি পরিদর্শনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ তথ্য জানিয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এ জন্য গ্রাহক বা ব্যবসায়ীকে কোনো অতিরিক্ত ফি বা চার্জ দিতে হবে না।
তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এর ফলে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরাও যেকোনো ব্যাংক বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে সহজে অর্থ গ্রহণ করতে পারবেন।
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কিউআরভিত্তিক লেনদেন চালু হলে সাধারণ মানুষের নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। এতে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হওয়ার সুযোগ তৈরি হবে।
তবে নতুন ব্যবস্থা চালুর শুরুতে কিছু কারিগরি সমস্যা বা সাময়িক চ্যালেঞ্জ দেখা দিতে পারে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, এসব সমস্যা দ্রুত সমাধান করে ব্যবস্থাটিকে কার্যকর করা সম্ভব হবে।
বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেনের ব্যবহার রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিকভাবে প্রচলিত এ ধরনের ডিজিটাল লেনদেনব্যবস্থা দেশে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ার সরকারি উদ্যোগে সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবাদাতাদের অংশ নেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
✍️ মন্তব্য লিখুন