দেশের অর্থনীতি এখনও সংকটময় অবস্থায় রয়েছে এবং তা পুরোপুরি পুনরুদ্ধার করতে আরও অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল–এর নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো দেশের অর্থনীতিকে “বিপর্যস্ত ও ভঙ্গুর” অবস্থায় রেখে গেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হয়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে।
তিনি জানান, শুধু জ্বালানি খাতেই আগামী অর্থবছরে অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। এছাড়া বিদ্যুৎ খাতের দায় ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধে গত দুই মাসে আরও প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, “সব মিলিয়ে দেশের জাতীয় অর্থনীতি এখনো ভালো অবস্থানে নেই। অর্থনীতি স্থিতিশীল করতে সময় লাগবে।”
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আগের সরকারগুলোর সময়ে স্বাস্থ্য খাতের বরাদ্দের বড় অংশই দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অপচয় হয়েছে। বর্তমান সরকার শুধু বরাদ্দ প্রদানেই সীমাবদ্ধ থাকবে না, বরং সেই অর্থ যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।
তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন মেডিকেল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে অতিরিক্ত সরকারি হস্তক্ষেপ ছিল, যা পেশাদারিত্ব নষ্ট করেছে। বর্তমান সরকার এ ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকবে বলে জানান তিনি।
অর্থমন্ত্রীর ভাষায়, “শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের মান নষ্ট হলে শুধু একটি প্রতিষ্ঠান নয়, পুরো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।”
✍️ মন্তব্য লিখুন