ইসরায়েলের জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ এলাকায় একটি সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১৭ মে) ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে বিস্ফোরণটি ঘটে ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ‘টোমের’-এর একটি স্থাপনার কাছে। প্রতিষ্ঠানটি ইসরায়েলি বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে কাজ করে বলে জানা যায়।
ঘটনার পর টোমের কোম্পানি এক বিবৃতিতে দাবি করেছে, এটি ছিল “পূর্বপরিকল্পিত ও নিয়ন্ত্রিত পরীক্ষা”, যা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ ওই বিবৃতি প্রচার করে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিস্ফোরণের ব্যাপকতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। ভিডিওতে আকাশে বিশাল মাশরুম আকৃতির ধোঁয়ার মেঘ দেখা যায়, যা দূর থেকেও দৃশ্যমান ছিল। অনেক পর্যবেক্ষকের মতে, দৃশ্যটি কোনো অস্ত্র উন্নয়নকেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির মতো মনে হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। বিস্ফোরণের পর দীর্ঘ সময় ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ আনুষ্ঠানিকভাবে নীরব ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা চাপের মধ্যে ইসরায়েলের সামরিক-শিল্প অবকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন সংশ্লিষ্ট স্থাপনাগুলো দীর্ঘদিন ধরেই উচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালিত হয়ে আসছে।
✍️ মন্তব্য লিখুন