আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা ও স্থানীয় আইন মেনে চলার জন্য তাঁদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের প্রকাশিত এক অতি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পাশাপাশি চলমান পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশে সতর্কতা
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিসংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, মুঠোফোনে সংরক্ষণ, অন্যের সঙ্গে আদান-প্রদান কিংবা ফেসবুক, ইউটিউব ও এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে এ ধরনের ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য প্রচার বা আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন
প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য দূতাবাস কয়েকটি হটলাইন নম্বর জানিয়েছে। সেগুলো হলো
– শ্রমসংক্রান্ত বিষয়ে: ৮০০১০০০১২৫ (টোল ফ্রি)
– পাসপোর্টসংক্রান্ত বিষয়ে: ৮০০১০০০১২৬ (টোল ফ্রি)
– কূটনৈতিক শাখাসংক্রান্ত বিষয়ে: ৮০০১০০০১২৪
– মৃত্যুসংক্রান্ত জরুরি প্রয়োজনে: +৯৬৬৫৭০২১২১৮০।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি সতর্ক থাকতে হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে নির্ধারিত যোগাযোগমাধ্যমের সহায়তা নিতে হবে।
✍️ মন্তব্য লিখুন