
স্পোর্টস ডেস্ক
পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চলছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ব্রাজিলের বাংলাদেশে আসার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার রাজধানীতে একটি ক্রীড়া অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হয়েছে। তবে ম্যাচ আয়োজনের ব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।
এর আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করে। তারা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ঘুরে দেখে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ড্রেসিংরুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করা হয়।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের বাংলাদেশে এসে খেলা দেশের ফুটবলের জন্য বড় অর্জন হতে পারে। তবে শুধু একটি ম্যাচ আয়োজন করলেই দেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে—এমনটা মনে করেন না তিনি।
তিনি আরও জানান, সরকার এ ধরনের একটি ম্যাচের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের বিষয় বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী অক্টোবর মাসে ঢাকায় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে। তবে ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি না, তা নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
✍️ মন্তব্য লিখুন