পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন স্বাক্ষরিত সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। একই সঙ্গে সংগঠনের নেতা-কর্মীদের বহিষ্কৃত নাদিম মাহমুদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নাদিম মাহমুদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
৩০ প্যাকেট দুধ নেওয়ার অভিযোগ
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দুধ রাখা ছিল। গত ২৫ সেপ্টেম্বর বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে বিদ্যালয়ে অতিথিদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় সেখান থেকে ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নাদিম মাহমুদ ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ৩০ সেপ্টেম্বর নাদিম মাহমুদ ও তাঁর সহযোগীরা বিদ্যালয়ে গিয়ে ২৭ প্যাকেট দুধ ফেরত দেন। সংশ্লিষ্টদের ভাষ্য, বাকি তিন প্যাকেট দুধ তাঁরা খেয়ে ফেলেছেন।
অভিযোগের বিষয়ে নাদিম মাহমুদ বলেন, তিনি ও তাঁর দুই বন্ধু বিদ্যালয় থেকে ৩০ প্যাকেট দুধ নিয়েছিলেন। এসব দুধ শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল, তা তাঁরা জানতেন না। পরে বিষয়টি জানতে পেরে ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয়ে ফেরত দিয়েছেন বলে জানান তিনি।
প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
এদিকে, ঘটনার কয়েক দিন পর উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি জানানোয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জেলা ছাত্রদল জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নাদিম মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন