নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৩০ এপ্রিল ২০২৬
দেশে চিকিৎসা শিক্ষার মান নিশ্চিতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএমইএসি)-এর আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে।
বুধবার (৩০ এপ্রিল) বিএমইএসি রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত নীতিমালা ও মূল্যায়ন প্রক্রিয়ার সব মানদণ্ড পূরণ করায় এএফএমসির ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) প্রোগ্রামকে আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশন দেওয়া হয়েছে।
এই স্বীকৃতি আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেল।
এর আগে চলতি মাসের ১৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ-কেও একই সংস্থা অ্যাক্রেডিটেশন প্রদান করে।
বিশেষজ্ঞদের মতে, মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এ ধরনের স্বীকৃতি চিকিৎসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং ভবিষ্যৎ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
✍️ মন্তব্য লিখুন