এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে একটি ভবনের দারোয়ানের শয়ন কক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার আব্দুল জলিল (৪২) বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজী ছায়েদুল হকের ছেলে। তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগের দিন বুধবার (২২ এপ্রিল) রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকার খালপাড়ের বহুতল ভবন মাইশা লেক টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে একজন মাদক কারবারী।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মহিনউদ্দিন বলেন, বেগমগঞ্জের ওই লোক টাওয়ারের দারোয়ান আব্দুল জলিল দীর্ঘদিন তার কক্ষে বিদেশি মদ রেখে জেলার বিভিন্ন স্থানে ডেলিভারি দেন বলে গোপনে খবর পায় ডিবি পুলিশ। ওই খবরের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনের নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ জলিলকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

✍️ মন্তব্য লিখুন