অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৫:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬
পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম গন্তব্যে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। তিনি বলেছেন, দেশের এই অঞ্চল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য ও নৈসর্গিক সৌন্দর্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময়; সুষ্ঠু পরিকল্পনা ও সবার অংশগ্রহণের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানের ইকোট্যুরিজম স্পটে উন্নীত করা হবে।
শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলটি বাংলাদেশের জন্য সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখানে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, ইকোট্যুরিজম বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতি শক্তিশালীকরণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সারাদেশের প্রায় ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে দল, ধর্ম, গোত্র বা শ্রেণিভেদে কোনো বৈষম্য করা হবে না। হাটহাজারী উপজেলায় হতদরিদ্র, দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও সচল—এই চার শ্রেণিতে তালিকা প্রণয়নের কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, “আমি আগে যেমন সাধারণ মানুষ ছিলাম, এখনো তেমনই আছি। হাটহাজারীর সন্তান হিসেবে মানুষের সেবায় কাজ করে যেতে চাই।”
এ ছাড়া এলাকার খাল পুনরুদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হতে পারেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
এ কাজে সামাজিকভাবে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনদুর্ভোগ কমানো এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা সম্ভব।
✍️ মন্তব্য লিখুন