জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ PM
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। আগামী ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মার্চ থেকে সব ধরনের ক্লাস স্থগিত থাকবে।
তবে প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ১৭ মার্চ থেকে। অর্থাৎ, ক্লাস বন্ধ থাকলেও ছুটির শুরুর প্রথম কয়েক দিন সীমিত প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।
ভারপ্রাপ্ত রেজিস্টার বলেন, ছুটিকালীন সময়ের মধ্যেও প্রয়োজনে কোনো বিভাগ চাইলে পরীক্ষা গ্রহণ করতে পারবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান ও ঈদ উপলক্ষে প্রতি বছরই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য ছুটি ঘোষণা করা হয়। এবারও শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন ও পারিবারিক সময়কে বিবেচনায় রেখে টানা ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছুটি শেষে ২৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন