নিজস্ব প্রতিবেদক
২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে দেশের সব কলেজকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নির্দেশনা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত অনলাইন সিস্টেমে শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করতে হবে। এ বিষয়ে ২৩ সেপ্টেম্বর দেশের সব কলেজের অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে কলেজের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ সময় শিক্ষার্থীদের FQ, EQ-1, EQ-2 ও SQ কোটার প্রমাণকসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওই কলেজে ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পরবর্তী সময়ে এ নিয়ে কোনো জটিলতা তৈরি হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এর আগে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সময় নির্ধারিত ছিল। পরবর্তী নির্দেশনায় অনলাইনে ভর্তি সম্পন্নের সময় ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে।
✍️ মন্তব্য লিখুন