লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর মুদিদোকানে চুরির অভিযোগে আব্দুল মালেক (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজের ও ছেলের মাদকের খরচ জোগাতেই তিনি ওই দোকানে চুরি করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার দলগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মালেক দলগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দলগ্রাম (ঘাটেরপাড়-মাস্টারপাড়া) এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী ব্যবসায়ী আব্দুর রহমানের মুদিদোকানে চুরি হয়। চুরির ঘটনাটি উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সিসিটিভির ফুটেজ স্থানীয় ও কালীগঞ্জ থানার পুলিশকে দেন।
সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ চোরকে শনাক্তে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দলগ্রাম বাজারে অভিযান চালিয়ে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে আব্দুল মালেক নিজের ও ছেলের মাদকের খরচ জোগাতে চুরির কথা স্বীকার করেছেন। তবে তাঁর এই স্বীকারোক্তির বিষয়ে স্বাধীন কোনো সূত্রে যাচাই করা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন