অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। দলীয়ভাবে দ্বিতীয় দফায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া তৃতীয় দফায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।
এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি শহীদদের স্মরণে নীরবতা পালন করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি জাতি গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় বাংলা ভাষার অধিকার, যা পরবর্তীতে স্বাধীনতার চেতনার ভিত্তি রচনা করে। মহান একুশ আজ শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রতীক হিসেবে পালিত হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন