প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এ সভায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি ধর্মীয় উসকানি, বিভাজনমূলক অপপ্রচার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে প্রশাসনের সব স্তরে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্য বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় সহাবস্থানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সামাজিক বৈষম্য হ্রাস, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে সম্প্রীতির মূল্যবোধ জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম কার্যদিবস শুরু করেন। কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় পর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ও জনসেবামুখী মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
সরকারি সূত্র জানায়, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় মাঠ প্রশাসনকে আরও সক্রিয় করা, সম্ভাব্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
✍️ মন্তব্য লিখুন