নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ PM
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভিড়ের সুযোগে আইফোনসহ অন্তত ১০ থেকে ১২টি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটির প্রথম প্রহরে হাজারো মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সমবেত হন। এ সময় অতিরিক্ত জনসমাগমের মধ্যে এক ঘণ্টার ব্যবধানে একাধিক দর্শনার্থী তাদের মোবাইল ফোন হারানোর অভিযোগ করেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে ১০ থেকে ১২ জন ব্যক্তি মৌখিকভাবে মোবাইল হারানোর বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের আইফোনসহ মূল্যবান স্মার্টফোন ছিল বলে জানা গেছে।
তিনি বলেন, শহীদ মিনার প্রাঙ্গণে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। “হাজার হাজার লোক এখানে আসছেন। সবাই শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, কিন্তু ভিড়ের মধ্যে কে চোর আর কে চোর নয় তা বোঝা মুশকিল,” বলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের আনুষ্ঠানিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে হারানো মোবাইলগুলোর আইএমইআই নম্বরের ভিত্তিতে প্রযুক্তিগত অনুসন্ধান চালানো যায়। ইতোমধ্যে কয়েকটি মোবাইলের নম্বর সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিসি মাসুদ আলম আরও বলেন, প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। তবে মোবাইলগুলো উদ্ধারে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।
প্রতি বছর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক জনসমাগম ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও অতিরিক্ত ভিড়ের মধ্যে চুরি ও পকেটমারের মতো ঘটনার ঝুঁকি বাড়ে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে পুলিশ নগরবাসীকে ভিড়পূর্ণ স্থানে ব্যক্তিগত মূল্যবান সামগ্রী বিশেষ সতর্কতার সঙ্গে ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং কোনো কিছু হারালে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন