অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘদিন দায়িত্বপালনকারী পুরোনো কর্মীদের খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে কথা বলেন, যা উপস্থিতদের মধ্যে একটি আন্তরিক পরিবেশ সৃষ্টি করে। এ সময় অনেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলাপচারিতার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হন।
কার্যালয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটির তাৎপর্য বিবেচনায় প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। রাষ্ট্রীয় এই উদ্যোগ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
সরকারি সূত্রের মতে, প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস কার্যক্রম শুরু হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন