ডেস্ক
রিপোর্ট
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ PM | অনলাইন সংস্করণ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সামনে রেখে ফেল করা, আংশিক বিষয়ে অকৃতকার্য এবং জিপিএ উন্নয়ন প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা প্রকাশ করা হয়।
এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য সুযোগ
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য অথবা অনুপস্থিত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অবশিষ্ট বিষয়ে অংশ নিতে পারবে। তবে আংশিক পরীক্ষার্থী হিসেবে কেউ চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।
প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিয়ম
এক বিষয়ে অকৃতকার্য প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে, তারা কোনো অবস্থাতেই একাধিক বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে না।
এছাড়া ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের মধ্যে যারা দুই বা ততোধিক বিষয়ে ফেল করেছে, তারা রেজিস্ট্রেশন নবায়ন করেও ২০২৬ সালে একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না।
পুরোনো রেজিস্ট্রেশনধারীদের বিষয়ে সিদ্ধান্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ সেশনের পূর্বের রেজিস্ট্রেশনধারী কোনো পরীক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। তবে ২০২০-২০২১ সেশনের এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন নবায়ন করে এক বিষয়ের (চতুর্থ বিষয় বাদে) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
রেজিস্ট্রেশন নবায়নের বিশেষ শর্ত
বোর্ড জানিয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা দুই বা ততোধিক বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য হয়েছে এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ, তারা কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন নবায়ন করতে পারবে না।
তবে যেসব শিক্ষার্থী কোনো এক বা একাধিক বিষয়ে অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে বা বিশেষ কারণে ২০২৫ সালের পরীক্ষায় অংশ নিতে পারেনি, অথচ রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে—তারা ২৫০ টাকা নবায়ন ফি জমা দিয়ে শুধু একবারের জন্য রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। সেক্ষেত্রেও আংশিক পরীক্ষার্থী হিসেবে চতুর্থ বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে না এবং দুই বা ততোধিক বিষয়ে অকৃতকার্য থাকলে নবায়নের সুযোগ থাকবে না।
জিপিএ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্টভাবে জানানো হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে যারা ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, তারা কোনো অবস্থাতেই জিপিএ উন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
শিক্ষা বোর্ডের এই নির্দেশনাকে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, নির্ধারিত শর্ত ও রেজিস্ট্রেশন মেয়াদ বিবেচনায় শিক্ষার্থীদের আগেভাগেই প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন, যাতে শেষ সময়ে জটিলতা এড়ানো যায়।
✍️ মন্তব্য লিখুন