নিজস্ব প্রতিবেদক | ঢাকা
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বেতন প্রদানে দেরি হলে তা পর্যবেক্ষণ করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “বেতন দেওয়ার নির্ধারিত ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন দেরি হলো—তা খতিয়ে দেখা হবে। কোনো মাসে বিশেষ কোনো কারণ থাকলে সেটিও আমরা যাচাই করব এবং প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, শিক্ষকদের বেতন নিয়মিত ও সময়মতো দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রশাসনিক জটিলতা থাকলে তা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের প্রধান দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান। দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তা নিয়মতান্ত্রিক উপায়ে উত্থাপন করা উচিত। “আপনারা শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন—এটা তো হতে পারে না। যেভাবে আসার, সেভাবেই দাবি-দাওয়া আসবে, আমরা সেগুলো অ্যাড্রেস করব,” বলেন তিনি।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকদের সঙ্গে সরকারের বার্তা ইতোমধ্যে পৌঁছেছে এবং তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি এবং অতীতে একটি অভিযোগ ওঠার পর তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জও জানিয়েছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বিল প্রক্রিয়াকরণ ও ছাড়ের সময়সূচি আরও নির্ধারিত ও দ্রুত করতে প্রশাসনিক পর্যায়ে পর্যালোচনা চলছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই বেতন পরিশোধ নিশ্চিত করা যায়।
✍️ মন্তব্য লিখুন