দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে আক্রান্ত ও মৃত্যুর তথ্য দুইভাবে প্রকাশ করা হচ্ছে— ‘নিশ্চিত’ এবং ‘সন্দেহজনক’। এই শব্দ দুটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ‘সন্দেহজনক’ মানেই হামের বাইরে অন্য রোগ নয়; বরং অধিকাংশ ক্ষেত্রেই তারা বাস্তবে হাম আক্রান্ত রোগী হিসেবেই বিবেচিত হন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ৫৭ দিনে দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪৩৭ জন এবং মারা গেছে ৪১৫ শিশু। এর মধ্যে ৬ হাজার ৯৩৭ জনকে ‘নিশ্চিত’ এবং ৫০ হাজার ৫০০ জনকে ‘সন্দেহজনক’ রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। একইভাবে মৃতদের মধ্যে ৬৫ জন ‘নিশ্চিত’ ও ৩৫০ জন ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত।
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, হামের মতো সংক্রামক রোগে প্রাদুর্ভাব শুরু হলে সব রোগীর ল্যাব পরীক্ষা করা বাস্তবে সম্ভব হয় না। তাই জ্বর, শরীরে র্যাশ, চোখ লাল হওয়া ও কাশি-সর্দির মতো উপসর্গ দেখেই চিকিৎসকেরা রোগীকে হাম হিসেবে বিবেচনা করে চিকিৎসা শুরু করেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এদের বলা হয় “সাসপেক্টেড” বা সন্দেহজনক কেস।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, হামের চিকিৎসা মূলত উপসর্গভিত্তিক। একজন শিশু বিশেষজ্ঞ যদি জ্বর ও র্যাশ নিয়ে কোনো শিশুকে দেখেন, তবে প্রথমেই হাম সন্দেহ করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দেবেন। অধিকাংশ ক্ষেত্রেই পরীক্ষার আগেই চিকিৎসা শুরু করতে হয়।
তিনি জানান, শতভাগ রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব না হওয়ায় আক্রান্তদের একটি অংশের রক্ত পরীক্ষা করে নিশ্চিত করা হয়। এভাবেই ‘নিশ্চিত’ ক্যাটাগরি তৈরি হয়। অন্যদিকে, যেসব রোগীর উপসর্গ স্পষ্ট থাকলেও পরীক্ষা করা হয়নি বা সম্ভব হয়নি— তাদের রাখা হয় ‘সন্দেহজনক’ তালিকায়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোনো এলাকায় যখন বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন একই ধরনের উপসর্গ থাকা অধিকাংশ রোগীকেই সেই রোগে আক্রান্ত হিসেবে ধরে নেওয়া হয়। এপিডেমিওলজি বা রোগতত্ত্বের আন্তর্জাতিক নীতিতেও এই পদ্ধতি অনুসরণ করা হয়।
চিকিৎসকেরা বলছেন, তাই ‘সন্দেহজনক’ শব্দটি সাধারণ অর্থে অনিশ্চিত বোঝালেও চিকিৎসাবিজ্ঞানে এটি প্রায় নিশ্চিত সংক্রমণেরই ইঙ্গিত বহন করে। মূল পার্থক্য হলো— ‘নিশ্চিত’ রোগীর ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় ভাইরাস শনাক্ত হয়েছে, আর ‘সন্দেহজনক’ রোগীর ক্ষেত্রে উপসর্গ ও পরিস্থিতি বিশ্লেষণ করে হাম হিসেবে বিবেচনা করা হয়েছে।
✍️ মন্তব্য লিখুন