নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় মদের দোকানের কর্মচারী তানভীর হোসেন রাব্বিকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদী পৌরসভার সামনে ‘৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে দগ্ধ রাব্বির বাবা মনির হোসেন ও নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ স্থানীয়রা বক্তব্য দেন। তাঁরা বলেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকায় একটি লাইসেন্সধারী দেশীয় মদের দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিনামূল্যে ১০ লিটার মদ না দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন দোকানে গিয়ে কাউন্টারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে কাউন্টারের ভেতরে থাকা ৩১ বছর বয়সী তানভীর হোসেন রাব্বি দগ্ধ হন।
দগ্ধ রাব্বিকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কয়েকজন বাজির মোড়ে গিয়ে একটি আবাসিক হোটেলে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
✍️ মন্তব্য লিখুন