ডেস্ক নিউজ
এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। এই কর্মসূচিতে সাধারণ নাগরিক, তরুণ সমাজ, কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার পাশাপাশি মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সময়োপযোগী তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিক ও পোস্ট তৈরি এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর এই প্রচারণায় যুক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় আগামী তিন মাস এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক করণীয়সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রচার করা হবে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে কনটেন্ট নির্মাতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মানুষের আচরণগত পরিবর্তনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শুধু চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়িয়ে ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ কমানো সম্ভব নয়; মানুষকে সচেতন করে প্রতিরোধমূলক পদক্ষেপে উদ্বুদ্ধ করাও জরুরি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল প্রচারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
✍️ মন্তব্য লিখুন