কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার দ্রুত বিচার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শোক র্যালি ও মানববন্ধন করেছেন কুবি শিক্ষক সমিতির সদস্যরা।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে গোলচত্বরে এসে শেষ হয়। সেখানে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানান। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা চাওয়া হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক শামীমা নাছরিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সদস্যরা বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।
এর আগে গতকাল রোববার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবরোধ ও বিক্ষোভ করেন। পরে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে তাঁরা অবরোধ তুলে নেন।
অপ্রতিম হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামি গতকাল রোববার কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্তে তাঁদের বক্তব্যসহ অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন