বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে দেশের জন্য প্রাণ দেওয়া সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব।’ শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালে সরকার দায়িত্ব পালন করবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও তাঁদের পরিবারের জন্য বিভিন্ন সহায়তার উদ্যোগের কথা জানানো হয়।
সেনাবাহিনী জানিয়েছে, শহীদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের স্ত্রী, শিশুকন্যা, বাবা ও মা এবং তাসনিম রিফায়াতের স্ত্রী, শিশুকন্যা ও বাবা উপস্থিত ছিলেন।
✍️ মন্তব্য লিখুন