পটুয়াখালী প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–তে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির (মনির খান) মারা গেছেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজধানী থেকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হওয়ায় তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন। চলতি বছরের জুন মাসে কারাগারে থাকা অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে প্রথমে বিভিন্ন হাসপাতালে এবং শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানবাধিকার, চিকিৎসা নীতিমালা এবং বন্দিদের প্রতি আচরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পরও প্রায় এক মাস তার হাতে হাতকড়া ছিল। চিকিৎসকেরা যখন তার অবস্থাকে সংকটাপন্ন বলে জানান এবং বেঁচে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মত দেন, তখন দায়িত্বরত পুলিশ হাতকড়া খুলে দেয়। তবে ততক্ষণে তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি।
স্বজনদের ভাষ্য, মৃত্যুর কয়েক দিন আগে সবশেষ মামলায়ও তিনি জামিন পান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, সংকটাপন্ন অবস্থায়ও তাকে ভার্চুয়াল আদালতে হাজিরার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ পটুয়াখালীতে নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
✍️ মন্তব্য লিখুন