হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
প্রশাসনের আদেশ অনুযায়ী, বুধবার বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একই সময়ে একই এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং এনসিপির পৃথক কর্মসূচি ঘোষণার কারণে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক গণমাধ্যমকে জানান, প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লেও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছেন।
✍️ মন্তব্য লিখুন