নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য অনুমোদিত তালিকায় তাঁর মেয়ের নাম দুইবার অন্তর্ভুক্ত হওয়ায় জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে ইস্যু করা ওই তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।
সচিবালয়ের ১৮ জুনের চিঠি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ২১ জনের মধ্যে বিতরণের অনুমোদন দেওয়া হয়। তালিকায় প্রথম ও অষ্টম নম্বরে ‘ফাইজা’ নামে দুজনের নাম রয়েছে। একজনের বাবার নাম ‘মো. বাচ্চু’ এবং অন্যজনের বাবার নাম ‘মো. আতাউর’ উল্লেখ করা হয়েছে। উভয়ের জন্য ১০ হাজার টাকা করে অনুদান বরাদ্দ দেখানো হয়েছে। স্থানীয়দের দাবি, ফাইজা সংসদ সদস্যের মেয়ের নাম।
তালিকা নিয়ে আরও অভিযোগ উঠেছে যে, নড়াইল সদর উপজেলার অন্তর্ভুক্ত অনুদানপ্রাপ্তদের অধিকাংশই সংসদ সদস্যের নিজ ইউনিয়ন হবখালী এলাকার বাসিন্দা। একইভাবে লোহাগড়া উপজেলার তালিকাভুক্ত কয়েকজন তাঁর শ্বশুরবাড়ি এলাকার বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা অব্যাহত রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেছেন, প্রাথমিক তালিকাটি তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) প্রস্তুত করেছেন এবং জমা দিয়েছেন। তাঁর ভাষ্য, তালিকাটি বিস্তারিতভাবে যাচাই করার সুযোগ তিনি পাননি। তিনি আরও দাবি করেন, জনগণের অর্থ থেকে তিনি বা তাঁর পরিবারের কেউ কোনো ধরনের ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবেন না।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা অনুদান বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়ানো সম্ভব হয়।
✍️ মন্তব্য লিখুন