নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ–এর দানবাক্সে বিপুল অর্থ, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি এবারও পাওয়া গেছে অসংখ্য নামে-বেনামে লেখা চিঠি ও চিরকুট। এর মধ্যে একটি চিরকুটে ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা থাকায় বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে।
শনিবার সকাল ৭টায় ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। পরে দানের অর্থ গণনার সময় বিভিন্ন ব্যক্তির রেখে যাওয়া চিরকুট ও চিঠি উদ্ধার করা হয়। এসবের একটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করে সংক্ষিপ্তভাবে লেখা ছিল, ‘হাদি হত্যা বিচার চাই।’
এবার দানবাক্স থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে গণনা শেষে মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার হওয়ার তথ্য জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পুরো কার্যক্রমে অংশ নেন।
স্থানীয়দের মতে, পাগলা মসজিদের দানবাক্সে মানুষ শুধু অর্থই নয়, নিজেদের মনের আশা-আকাঙ্ক্ষা, দোয়া ও বিচারপ্রার্থনার কথাও চিরকুটে লিখে রেখে যান। এবার ‘হাদি হত্যা বিচার চাই’ লেখা সেই চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।
✍️ মন্তব্য লিখুন