জয়পুরহাট প্রতিনিধি
ফুটবল শুধু একটি খেলা নয়, অনেকের কাছে এটি আবেগ, ভালোবাসা ও পরিচয়ের অংশ। সেই ভালোবাসারই ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন জয়পুরহাটের তরুণ মেহেদী হাসান। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি গভীর অনুরাগ থেকে তিনি নিজের বাড়ি ও সীমানা প্রাচীর রাঙিয়েছেন আকাশি-সাদা রঙে। দেয়ালে স্থান পেয়েছে ফুটবল মহাতারকা Lionel Messi-এর বিশাল প্রতিকৃতি, যা স্থানীয়দের কাছে বাড়িটিকে পরিণত করেছে এক টুকরো ‘মিনি আর্জেন্টিনায়’।
জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা মেহেদী ছোটবেলা থেকেই আর্জেন্টিনা সমর্থক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালের বিশ্বকাপ থেকে তিনি নিয়মিত আর্জেন্টিনার পতাকা ওড়ান। তবে এবারের বিশ্বকাপ উপলক্ষে তিনি নিজের সমর্থনকে নতুন মাত্রা দিয়েছেন। ইট-সিমেন্টের পুরো বাড়িটিকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়ে তুলেছেন, যা এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাড়ির প্রবেশপথে বাংলাদেশের লাল-সবুজ পতাকা আঁকা রয়েছে, যা দেশের প্রতি তার ভালোবাসার প্রতীক। অন্যদিকে চারপাশের দেয়ালে ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকার আকাশি-সাদা রঙ, সঙ্গে রয়েছে মেসির ছবি ও আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘মে মাসের সূর্য’।
মেহেদী হাসান বলেন, আর্জেন্টিনা দলের প্রতি তার ভালোবাসা বহু দিনের। সেই আবেগ থেকেই তিনি বাড়িটিকে প্রিয় দলের রঙে সাজিয়েছেন। শুধু বাড়ি রাঙানোই নয়, বিশ্বকাপ উপলক্ষে তিনি কেক কাটা, র্যালি আয়োজন এবং স্থানীয় সমর্থকদের জন্য জার্সি বিতরণের উদ্যোগও নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মেহেদীর এই উদ্যোগ দেখতে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। তাদের মতে, এই উদ্যোগ এলাকায় বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলেছে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে।
ফুটবলপ্রেমী একটি দেশের প্রেক্ষাপটে মেহেদীর এই ‘আর্জেন্টিনা বাড়ি’ শুধু একজন সমর্থকের আবেগের প্রকাশ নয়, বরং খেলাধুলাকে ঘিরে মানুষের ঐক্য, উৎসব ও ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
✍️ মন্তব্য লিখুন