দেশব্যাপী উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন শিশু। এতে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১১১ জনের। সন্দেহজনক ও নিশ্চিত—দুই ধরনের আক্রান্ত মিলিয়ে একদিনে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৬১১ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হয়েছে ৭ হাজার ৪১৬ জনের হাম সংক্রমণ। আক্রান্তদের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।
মৃত্যুর হিসাবেও দেখা যাচ্ছে উদ্বেগজনক পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ শিশু। পাশাপাশি নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। সব মিলিয়ে একদিনে প্রাণ হারিয়েছে ১২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৩৭৭ জনের। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৪ জনের। ফলে দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, অনেক শিশুর টিকার বাইরে থেকে যাওয়া এবং সচেতনতার অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে জটিলতা ও মৃত্যুঝুঁকি বেশি দেখা দিচ্ছে।
চিকিৎসকেরা অভিভাবকদের শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জ্বর, শরীরে লালচে দানা, কাশি, সর্দি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
✍️ মন্তব্য লিখুন