দেশের মাধ্যমিক, দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষা শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির জন্য ১০০ জন শিক্ষককে মনোনীত করা হয়েছে। এ তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (৪ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “৩৫তম রিফ্রেশার্স কোর্স” শীর্ষক এ প্রশিক্ষণ আগামী ৮ মে শুরু হয়ে ১৪ মে পর্যন্ত চলবে। প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ-এ, যা চট্টগ্রামের হালিশহর এলাকায় অবস্থিত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনীত শিক্ষকদের আগামী ৭ মে বিকেল ৪টার মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। একই সঙ্গে ৬ মে বিকেল থেকে তাদেরকে তাৎক্ষণিকভাবে দায়িত্বমুক্ত (বিমুক্ত) হিসেবে গণ্য করা হবে। প্রশিক্ষণকালীন সময় (৭–১৫ মে) সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য কর্তব্যরত ছুটি হিসেবে বিবেচিত হবে।
প্রশিক্ষণার্থীদের যাতায়াত ও দৈনিক ভাতা (টি.এ/ডি.এ) শারীরিক শিক্ষা বিভাগ বহন করবে। তবে ভাতা পাওয়ার জন্য যাতায়াতের বাস বা ট্রেনের টিকিট সংরক্ষণ করে বিলের সঙ্গে জমা দিতে হবে; এ ক্ষেত্রে এসি ভাড়া প্রযোজ্য হবে না।
অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিছানাপত্র (বালিশ, কাঁথা, তোষক, মশারি, চাদর), দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, এক জোড়া কেডস এবং প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র।
মাউশি জানিয়েছে, মনোনীত কোনো শিক্ষক যথাযথ কারণ ছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণ না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শারীরিক শিক্ষা কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
✍️ মন্তব্য লিখুন