চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে চুরির পর এবার এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে। চোরেরা ঘরের তালা ভেঙে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, লেলাং ইউনিয়নের শাহনগর এলাকার দারগ আলী তালুকদার বাড়িতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় চোরেরা বাড়িতে প্রবেশ করে একটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে আলমিরার তালা ভেঙে সেখানে রাখা প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে রেখে যায় তারা।
চুরির শিকার ঘরটি বিবিরহাট বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের বলে জানা গেছে। তাঁর বড় ভাই মো. সরোয়ার হোসেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি। সরোয়ার হোসেন জানান, গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা ঘরে ঢুকে আলমিরার তালা ভেঙে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, চুরির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়কে শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গহনা, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা নিয়ে যায় চোরেরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা বা তার বেশি হতে পারে। এ ঘটনায়ও পুলিশ তদন্ত করছে।
✍️ মন্তব্য লিখুন