নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি এলাকার সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মহাখালী বাস টার্মিনালের দিকে অগ্রসর হন। মিছিল চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, মিছিল থেকে ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাখালী বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে আরও কয়েকজন এতে যোগ দেন। পরে ককটেল বিস্ফোরণের পর অংশগ্রহণকারীদের একটি অংশ দ্রুত এলাকা ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান শুরু করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি রাজধানীতে জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো তৎপরতার বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
✍️ মন্তব্য লিখুন