ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন—মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। তারা পরস্পর সহোদর।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদুল আদালতে উপস্থিত ছিলেন না; তাঁরা পলাতক রয়েছেন।
যেভাবে হত্যা
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার চর ভেলামারী এলাকার কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় শফিকুলের ওপর হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
১৬ সাক্ষীর সাক্ষ্য
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বিচারকাজে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের পাশাপাশি ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এ কে এম আমানউল্লাহ বাদল।
✍️ মন্তব্য লিখুন