নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের (জিওপি) নেতা মো. আ. জসিম উদ্দিনের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশে তাঁর সদস্যপদ স্থগিত করা হয়েছে।
নোটিশে জসিম উদ্দিনকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে নোটিশে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।
জসিম উদ্দিন গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৪ আসনে দলের প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৮৫ ভোট।
নির্বাচনে হাসনাত আবদুল্লাহর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জসিম উদ্দিন। নির্বাচনের কয়েক মাস পর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদস্যপদ স্থগিত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
✍️ মন্তব্য লিখুন