নিজস্ব প্রতিবেদক
সকল নাগরিকের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নাগরিকদের জন্য শুধু একটি ঘর নয়, বরং নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত পয়ঃনিষ্কাশন, গণপরিবহন, শিক্ষা-স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ মর্যাদাপূর্ণ জীবনযাপনের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও আবাসন ব্যবস্থার অংশ।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করা সহজ নয়। তবে প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশের শহর, বন্দর ও নগর এলাকায় মানুষের বসবাস ক্রমেই বাড়ছে। রাজধানী ঢাকা অতিরিক্ত জনসংখ্যার চাপে রয়েছে। অন্যান্য শহরেও ধারণক্ষমতার তুলনায় বেশি মানুষ বসবাস করায় নগরজীবনে নানা সংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসনের পাশাপাশি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, পরিকল্পিত, নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বাসযোগ্য, নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করাকে সরকারের পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পিত নগরায়ণ ও সীমিত আয়ের মানুষের জন্য বাসস্থান সুবিধা প্রদান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বলেও জানান তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় পরিকল্পিত নগরায়ণের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে পরিকল্পিত আবাসন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আবাসন সংকট মোকাবিলায় বেসরকারি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার একা নয়, আবাসন খাতের বেসরকারি উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে এ সংকট মোকাবিলা করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’ দেশের নাগরিকদের জন্য বাস্তবতায় পরিণত হবে।
✍️ মন্তব্য লিখুন