লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে বকেয়া ইন্টারনেট বিল চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আমজাদ ভূঁইয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন আহত ব্যবসায়ী বেলাল হোসেন।
সোমবার সন্ধ্যায় হাজিরপাড়া বাজারে বেলাল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত বেলাল হোসেন লক্ষ্মীপুর কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যবস্থাপক। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
বেলাল হোসেনের অভিযোগ, আমজাদ ভূঁইয়ার কাছে প্রায় চার মাসের ইন্টারনেট বিল বকেয়া ছিল। দীর্ঘদিন বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী তাঁর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে আমজাদ ভূঁইয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁর অফিসে গিয়ে হামলা চালান। এ সময় তাঁকে মারধর করা হয় এবং তিনি গুরুতর আহত হন।
বেলাল হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে আমজাদ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, বিষয়টি তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
✍️ মন্তব্য লিখুন