দেশে হামের প্রকোপে শিশুদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২ শিশু। এ সময়ে ৯০৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯৬৭ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৮০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৮৯ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দীর্ঘ কয়েক মাস ধরে দেশে হাম ও হামের উপসর্গজনিত রোগীর চাপ অব্যাহত রয়েছে। নতুন রোগী শনাক্তের পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যাও উল্লেখযোগ্য থাকায় শিশুদের সুরক্ষায় দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও টিকাদান কার্যক্রম কার্যকর রাখা জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম; বাসস ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন।
✍️ মন্তব্য লিখুন