ঢাকা | ১৮ আগস্ট ২০২৬
নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী বৃহস্পতিবার, ২০ আগস্ট, জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এবার রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।
মঙ্গলবার বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। এরপর নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, বৈধ ঘোষিত দুই প্রার্থীই নির্বাচনে থাকছেন। তাঁরা হলেন বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
ইসি জানিয়েছে, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে এবং প্রাথমিক ফল ঘোষণা করবেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারে দুই প্রার্থীর নাম বাংলা বর্ণানুক্রমে থাকবে। সংসদ সদস্যরা নির্ধারিত স্থানে প্রার্থীর নামের পাশে পূর্ণ স্বাক্ষর করে ভোট দেবেন এবং পরে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দেবেন।
ইসি জানিয়েছে, ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে নির্বাচিত রাষ্ট্রপতির নাম উল্লেখ করে সরকারি গেজেট প্রকাশ করা হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, প্রথম আলো।
✍️ মন্তব্য লিখুন