নিজস্ব প্রতিবেদক
দেশের হাইস্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষক সংকট কাটাতে নিয়োগের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) ঢাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, হাইস্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। তবে নতুন নিয়োগের আগে দেশের বিভিন্ন দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। বদলি কার্যক্রমের পর নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাওয়া হবে।
মন্ত্রী বলেন, “ট্রান্সফারের বিষয়টার পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি।” তিনি আরও জানান, শিক্ষক নিয়োগের প্রস্তুতি মোটামুটি সব ক্ষেত্রেই শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। এ সংকট নিরসনে সরকার নিয়োগ কার্যক্রম এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার কার্যক্রমও সারাদেশে শুরু হয়েছে বলে জানান তিনি।
এর আগে জুলাই মাসে শিক্ষামন্ত্রী এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের পরিকল্পনার কথা জানানো হয়েছিল।
এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন শূন্য থাকার বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, এ-সংক্রান্ত মামলা নিষ্পত্তি হয়েছে। পাবলিক স্কুলের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হওয়ায় শিগগিরই মৌখিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।
শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগকে দেশের দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ৭৭ হাজার পদের নিয়োগের নির্দিষ্ট বিজ্ঞপ্তি, আবেদন শুরুর তারিখ ও নিয়োগের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
✍️ মন্তব্য লিখুন