দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২, খুলনা বিভাগে ৯৭, ময়মনসিংহ বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৫৫, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।
নতুন ৮০৫ জনসহ চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২২ হাজার ১৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। নতুন তিনজনের মৃত্যু নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭০ জন।
ডেঙ্গু আক্রান্তের দিক থেকে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে। জুলাই মাসে ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পর আগস্টের প্রথম ১৬ দিনেই আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৬৮ জন।
বিশেষজ্ঞরা বর্ষাকালে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন। এ পরিস্থিতিতে বাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন