রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এ বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৬ আগস্ট) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন হবে সকাল ১০টায়।
বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। এর ফলে একদিকে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে, অন্যদিকে গণপরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগ বাংলাদেশে নতুন নয়। এর আগে রাজধানীসহ বিভিন্ন এলাকায় নারী যাত্রীদের জন্য পৃথক বাস চালু হয়েছিল। তবে এবার বিআরটিসির নতুন উদ্যোগের বিশেষ দিক হলো—বাসের চালক ও কন্ডাক্টর উভয় দায়িত্বেই নারীদের রাখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু আলাদা বাস চালু করলেই নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে না; নিয়মিত রুট, পর্যাপ্ত বাস, সময়সূচি, রক্ষণাবেক্ষণ এবং সেবার ধারাবাহিকতাও নিশ্চিত করতে হবে। এসব বিষয় কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীর কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
✍️ মন্তব্য লিখুন