ডেস্ক নিউজ
সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়লেও সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লক্ষ্যে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে একটি নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা চিঠিতে বলা হয়েছে, সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারের ফলে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে গোপন বা সংবেদনশীল তথ্য অননুমোদিতভাবে প্রকাশ কিংবা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই এআই ব্যবহারে দায়িত্বশীলতা ও তথ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারের সময় বিদ্যমান আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত এ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকারের লক্ষ্য হলো তথ্যের নিরাপত্তা নিশ্চিত রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা। এ কারণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন